নাইক্ষ্যংছড়িতে প্রথম সরকারি সফরে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

🏛️ রাজনীতি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান

মোহাম্মদ ইউনুছ :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়িতে তাঁর প্রথম সরকারি সফর করেছেন। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী সফরে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি।

সফরের শুরুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন মন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, যোগাযোগব্যবস্থা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল করিম, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার উন্নয়ন কার্যক্রমে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

পরে উপজেলা কমপ্লেক্সে আয়োজিত মৎস্য পোনা অবমুক্ত ও বিতরণ কর্মসূচিতে অংশ নেন সাচিংপ্রু জেরী। এ সময় স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে সংশ্লিষ্টদের উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

এরপর উপজেলা সদরের একটি বৌদ্ধ বিহারে ধর্মীয় নেতৃবৃন্দ ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সেখানে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে সাচিংপ্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দল-মত ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির জননিরাপত্তা ও উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সফরের শেষ পর্যায়ে নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস চত্বরে স্থানীয় বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা উপজেলার যোগাযোগব্যবস্থা, সীমান্ত সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামো ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দাবির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন ও এলাকার উন্নয়ন অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *