ইমরান হোসেন জুমান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কার ও রং করেছে মারিশ্যা জোনের ২৭ বিজিবি। ৯ আগস্ট রোববার বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়োজনীয় সংস্কার ও রংকরণ কাজ সম্পন্ন করা হয়।
জানা গেছে, গত ২ আগস্ট মারিশ্যা জোনের জোন কমান্ডার তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শহিদ মিনারটির সংস্কার ও রংয়ের প্রয়োজনীয়তা দেখে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
এরই ধারাবাহিকতায় ৯ আগস্ট শহিদ মিনারটির সংস্কার ও রংয়ের কাজ শেষ করে ২৭ বিজিবি। সংস্কার শেষে শহিদ মিনারটি নতুন রূপ ফিরে পাওয়ার পাশাপাশি এর সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।
মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, শহিদ মিনার ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মের মাঝে ভাষা শহিদদের আত্মত্যাগ, বাংলা ভাষা ও দেশপ্রেমের চেতনা তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শহিদ মিনার সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
