গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন ৮ জন পুলিশ হেফাজতে

খাগড়াছড়ি অপরাধ গুইমারা 🏛️ রাজনীতি

প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১০ নভেম্বর মঙ্গলবার  ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যালয়টি রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। পরে তাঁদের নেতৃত্বে রাতেই বড়পিলাকে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।

এ ছাড়া মঙ্গলবার সকাল ৯টায় জালিয়াপাড়া চৌরাস্তায় এবং সন্ধ্যা ৬টায় বড়পিলাকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *