প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় জেএসএন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির উদ্বোধন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত নতুন ভবনটির জন্য নির্ধারিত প্রকল্প ব্যয় ছিল দুই কোটি টাকা। ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সিএইচটি মিশনারি বৌদ্ধ মঙ্ক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, শিক্ষার অগ্রগতি ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা প্রয়োজন।
ওয়াদুদ ভূঁইয়া দুর্গম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।
এ ছাড়া অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি এবং মারমা ও ত্রিপুরা ঐক্য পরিষদের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন একাডেমিক ভবন চালু হওয়ায় বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং দুর্গম এলাকার শিক্ষার্থীরা তুলনামূলক ভালো শিক্ষাসুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
