মাটিরাঙ্গা পৌর এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

🏛️ রাজনীতি খাগড়াছড়ি মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা প্রদান করা হয়। ১৭ জুলাই শুক্রবার

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সাম্প্রতিক বন্যায় তাদের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক হবে। এ উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *