গুইমারায় চুরির মামলায় ৩ জন গ্রেপ্তার

খাগড়াছড়ি অপরাধ গুইমারা

প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারায় আমবাগান থেকে সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিবুল হাসান ওরফে হাসান (১৯), মো. শহিদুল ইসলাম (২১) ও মো. হাবিব (৩২)। তারা গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়পিলাক এলাকায় আমবাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো. শুক্কুর আলী গুইমারা থানায় এজাহার করেন। পরে ঘটনাটি তদন্তে নামে পুলিশ।

তদন্তের একপর্যায়ে ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে স্থানীয়দের সহযোগিতায় বড়পিলাক এলাকার দেলোয়ারের দোকানের পেছন থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মো. হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের কীটনাশক ও বিষ, দুটি সাবমার্সিবল পাম্প এবং বিভিন্ন রঙের চার কয়েল বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৭০ হাজার ৪৭৬ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী তিনজনকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *