আরিফুল ইসলাম মহিন :
নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১০ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলীর নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫টায় জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্যসচিব মো. সেলিম হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় খাগড়াছড়িতে বিআরটিসি বাসে এবং গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করেন তাঁরা।
সমাবেশে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম হোসেন পানছড়ির কুরাদিয়া ছড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
