প্রতিনিধি: টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ি পৌরসভার সবুজ বাগ এলাকায় একটি বসতঘর পাহাড়ধসের ঝুঁকিতে পড়েছে। শনিবার ভোরে পাহাড়ের একটি অংশ ধসে ঘরটির পেছনে এসে পড়লে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের একাংশ ধসে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ঝুঁকিপূর্ণ বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন।
বাড়ির মালিক আবু তাহের জানান, আকস্মিক পাহাড়ধসে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাড়িটি রক্ষায় দ্রুত একটি আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে তাদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সবাইকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস বা অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে চলমান ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

Great content! Keep up the good work!