মাটিরাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার চারা বিতরণ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🏛️ রাজনীতি

জসীম উদ্দিন জয়নাল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল শিক্ষার্থীদের হাতে চারাগুলো তুলে দেন। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার এবং মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ২ হাজার চারা বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা চারাগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে পরিবেশ সংরক্ষণে এর সুফল পাওয়া যাবে।

চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় গাছগুলো রোপণ এবং পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *