পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের সমাপনী

খাগড়াছড়ি 🎓 শিক্ষা

প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে পানছড়ি সাবজোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৮ জনের হাতে সনদপত্র তুলে দেন।

তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসবের প্রস্তুতি, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *