
ডেস্ক রিপোর্টঃ
খাগড়াছড়ি, ১৯ মে ২০২৬ (মঙ্গলবার):
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’এর যৌথ উদ্যোগে লক্ষীছড়ি উপজেলা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ‘১ টাকার বাজার’কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চক্ষু, স্ত্রীরোগ, শিশুরোগসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত প্রান্তিক পাহাড়ী ও বাঙালী রোগীদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত পাহাড়ী ও বাঙালী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ ‘১ টাকার বাজার’ পরিচালনা করা হয়। এই বাজার থেকে স্থানীয়রা তাদের প্রয়োজনীয় নিত্যপণ্য নামমাত্র মূল্যে ক্রয়ের সুযোগ পান। অনুষ্ঠানে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া যেখানে অত্যন্ত দুরুহ, সেখানে সেনাবাহিনীর এই ক্যাম্পেইন তাদের জন্য আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রীতির এই ধারাকে আরও বেগবান করতে আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :