
ছানোয়ার হোসেন : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোরবানির পশুর মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা হলরুমে পেশাদার ও মৌসুমি কসাইদের পাশাপাশি ইমামদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহালছড়ি।
“খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সূপর্ণা দে।
তিনি বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া ব্যবস্থাপনায় সচেতনতার অভাবে প্রতি বছর স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতি দেখা দেয়। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইমাম, পেশাদার কসাই, মৌসুমি কসাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :