মানিকছড়িতে হালদা খাল খনন শুরু – কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের আশা


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন /
মানিকছড়িতে হালদা খাল খনন শুরু – কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের আশা

প্রতিনিধি : প্রায় চার দশক পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা এলাকায় হালদা খালের (সালদা অংশ) খনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন পর এ উদ্যোগ বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষিজমি রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি এবং মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯ মে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজিপিপি প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, বর্ষা মৌসুমে হালদা খাল ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর কৃষিজমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাল খনন সম্পন্ন হলে বন্যার পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, কৃষিজমি রক্ষা পাবে এবং সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি মাছ চাষের নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি ও কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর এ খাল খনন শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এটিকে এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

জানা গেছে, হালদা খালের সালদা অংশে মোট ৫ কিলোমিটার খনন কাজের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ৪৭৬ জন শ্রমিক কাজ করছেন। পাশাপাশি স্থানীয় অনেক মানুষ স্বেচ্ছাশ্রমেও অংশ নিচ্ছেন।