
প্রতিনিধি: প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ফিস্টুলা প্রতিরোধে সময়মতো চিকিৎসা গ্রহণ, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
৫ মে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এবং সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্যসমস্যা হলেও সচেতনতার অভাব, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেক নারী এখনো এ সমস্যায় ভুগছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ, গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, সিভিল সার্জন কার্যালয়ের এসআরএইচআর কো-অর্ডিনেটর ডা. শ্রাবস্তী চাকমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক রুপান্ত চাকমা, ইউএনএফপিএ ফিস্টুলা প্রকল্পের জেলা সমন্বয়ক মো. মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পের সদস্যরা।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রসবকালীন জটিলতা মোকাবিলায় প্রশিক্ষিত ধাত্রী ও স্বাস্থ্যকর্মী এবং জরুরি সেবার সহজলভ্যতা নিশ্চিত করা গেলে ফিস্টুলার মতো জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি নারীর স্বাস্থ্য বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এবং পরিবার ও সমাজের সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভাটি নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :