
মহালছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার উদ্যোগে ওপেন ডে হাউজ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ মে ২০২৬ সকাল ১১টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসআই মো. মাসুম হোসেনের সঞ্চালনায় এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান পাটোয়ারী এবং মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার এবং যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের যেকোনো সমস্যার দ্রুত সমাধানে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন। পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :