
ছোটন বিশ্বাস : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
২০ মে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। তিনি বলেন, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলে হবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ মো. জাকের হোসেন। তিনি জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ, সচেতনতামূলক প্রচারণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান।
এসময় রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনগণকে আরও সচেতন ও প্রস্তুত করে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :