
প্রতিনিধি : অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র বিতরণ করা হয়েছে।
২০ মে বুধবার খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর খাগড়াছড়ির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুলাহ ওয়ালী উল্লা।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বর্তমান সময়ে বেকার জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
তারা আরও বলেন, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি সনদপত্র প্রদান প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে কারিগরি শিক্ষাবোর্ডের সনদপত্র তুলে দেন অতিথিরা। এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :