পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন /
পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

 

জসীম উদ্দিন জয়নাল : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থসামাজিক কর্মসূচির অংশ হিসেবে দুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

১৯ মে মঙ্গলবার দুপুর ১টায় পলাশপুর জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে অসহায়দের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনুল ইসলাম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স)।

কর্মসূচির আওতায় একটি দুস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, এক জন দরিদ্র নবম শ্রেণির শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও পোশাক তৈরির জন্য সহায়তা, চারটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৬.৫ বান্ডেল ঢেউটিন, পাঁচটি দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়া একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে ১৬ বস্তা সিমেন্ট, একটি এতিমখানার জন্য ১০০ কেজি চাল এবং দুটি যাত্রী ও কৃষক ছাউনির জন্য ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

সব মিলিয়ে মোট ৯৩ হাজার ২৫০ টাকা মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে ছয়টি পাহাড়ি পরিবার, পাঁচটি বাঙালি পরিবার এবং চারটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই অঞ্চলের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।