গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান সরকার : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:১০ অপরাহ্ন /
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান সরকার : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

 

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের ওপর থেকে বিধিনিষেধ তুলে দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের ভিত্তি স্থাপন করেছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। ১২ মে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে দৈনিক ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যম জাতির দর্পণ হিসেবে কাজ করে। তাই দেশের রাজনীতি, উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অপপ্রচার এড়িয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং গণমাধ্যমের বিকাশেও নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
‘এশিয়া পোস্ট’-এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।
এছাড়া রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় সাংবাদিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।