দীঘিনালায় মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী পালিত

খাগড়াছড়ি দীঘিনালা 🏛️ রাজনীতি

প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় জুম্ম জাতীয় শোক দিবস-২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোকর‌্যালি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিজেএসএস) দীঘিনালা থানা শাখার উদ্যোগে লারমা স্কয়ারস্থ পিজেএসএস কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এরপর পিজেএসএসের পুরোনো কার্যালয়ের সামনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান-এর সঞ্চালনায় সভায় শোকবার্তা পাঠ করেন সংগঠনের সহসভাপতি শান্তিলোচন চাকমা। স্বাগত বক্তব্য দেন দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক সমীর চাকমা।

দীঘিনালা থানা শাখার পিজেএসএস সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শুভাষ কান্তি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিজেএসএস কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা থানা শাখার ইউপিডিএফ (গণতান্ত্রিক) সভাপতি রিপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা থানা শাখার সভাপতি সুমন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক রয়েল চাকমা, মহিলা সমিতির দীঘিনালা থানা শাখার সভানেত্রী সোনালী চাকমা এবং দীঘিনালা হেডম্যান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ত্রিদীপ রায় পোমাং।

স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১০ নভেম্বর পার্বত্য চট্টগ্রামে এক সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা নিহত হন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে বিভিন্ন জাতিসত্তার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।

তাঁরা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের অধিকার নিয়ে কাজ করেননি, বরং দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও সোচ্চার ছিলেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করে পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *