বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি

প্রতিনিধি : খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের (বিটিকেএস) ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় জেলা সদরের মিলনপুরে বিটিকেএসের কেন্দ্রীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী, ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য ও বিটিকেএসের সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, সংগঠনের উপদেষ্টা ক্ষেত্রমোহন রোয়াজা এবং বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছয় দশকেরও বেশি সময় ধরে বিটিকেএস ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীর উন্নয়ন ও কল্যাণে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতারা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানকে ঘিরে বিটিকেএসের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। সংগঠনের দীর্ঘ পথচলা স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *