প্রতিনিধি:
খাগড়াছড়িতে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় সংগঠনের সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা সদরের মিলনপুর এলাকার হিলটপ গেস্ট হাউসে এ সংলাপের আয়োজন করা হয়।
তৃণমূল উন্নয়ন সংস্থার ‘নাগরিকতা’ প্রকল্পের এম্পাওয়ারমেন্ট কার্যক্রমের আওতায় আয়োজিত এ সংলাপে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) উদ্যোগে অনুষ্ঠিত এ সংলাপের মূল উদ্দেশ্য ছিল নাগরিক সমাজের সংগঠন (সিএসও), কমিউনিটি পর্যায়ের সংগঠন (সিবিও), সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো।
সংলাপে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রতিনিধি জান্নাতুল নাঈম। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কারবারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নাগরিক সমাজ ও কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে সরকারি দপ্তরের সমন্বয় বৃদ্ধি এবং নাগরিকদের সরকারি সেবা সম্পর্কে সচেতন করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, সরকারি সেবা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।
