প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করেন। বক্তারা অতীতের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের ভূমিকা রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
