মহালছড়িতে  বিএনপির ঝটিকা মিছিল

খাগড়াছড়ি মহালছড়ি 🏛️ রাজনীতি

ছানেয়ার হোসেন :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ও ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার, আবাসিক স্কুল এলাকা ও কলাবাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মহালছড়ি উপজেলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে একই সময়ে উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগেও পৃথক একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দুটি কর্মসূচির মাধ্যমে মহালছড়ি উপজেলা ও মাইসছড়ি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিবাদ ও সাংগঠনিক কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *