প্রতিনিধি:
খাগড়াছড়িতে অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যাকবলিত জনগোষ্ঠীর আচরণগত পরিবর্তন এবং দুর্যোগকালীন ঝুঁকি কমাতে District Level Risk Communication & Community Engagement (RCCE) শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন রতন খীসা। জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওঙ্কার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সুষ্মিতা খীসা এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
সভায় বক্তারা বলেন, পাহাড়ধস ও বন্যার মতো দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়, আগাম সতর্কতা ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। এ সময় দুর্যোগ মোকাবিলা, ঝুঁকি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
