মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ি জাতীয় মহালছড়ি

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন (জেডএসও), মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরী এবং জুলাই আন্দোলনের কয়েকজন অংশগ্রহণকারী।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বক্তারা গণতন্ত্র, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও নতুন প্রজন্মের মাঝে জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের সম্মাননা হিসেবে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়। সভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *