ছানোয়ার হোসেন :
সড়ক যোগাযোগ ও যানবাহনের সুবিধা না থাকায় দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। গুরুতর অসুস্থ রোগীদের অনেক সময় কাঁধে করে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে মহালছড়ি জোনের আওতাধীন দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুর্গম ওই এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বলেন, দুর্গম এ এলাকায় আগে কোনো মেডিকেল ক্যাম্প বা এ ধরনের চিকিৎসাসেবা পৌঁছায়নি। বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসার পর দ্রুত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, “তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। স্থানীয়রাও আগ্রহের সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।”
স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেছে। ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন তারা।
