খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়।
ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর সহায়তায় এবং কারিতাস বাংলাদেশ ও জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নগদ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেই এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা খাদ্য, চিকিৎসা, পোশাকসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনতে এ অর্থ ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়া পরিবারগুলো এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনও নানা সংকটের মধ্যে রয়েছে। এ ধরনের আর্থিক সহায়তা তাদের জরুরি প্রয়োজন পূরণে কিছুটা সহায়ক হবে।
স্থানীয়রা ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহযোগিতা ও পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
