খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিয়ে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খোলা ভোজ্যতেল বিক্রির কারণে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানো, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সম্পৃক্ত করা এবং বিধি অনুযায়ী ভোজ্যতেল বিক্রিতে উৎসাহিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) ও যুগ্মসচিব পদমর্যাদার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতেজা আলী খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কনসালট্যান্ট মুশতাক হাসান মুহ. ইফতিখার এবং জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরাও অংশ নেন।
বক্তারা বলেন, ভোজ্যতেল নিরাপদভাবে সংরক্ষণ ও বিক্রি করা খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। খোলা ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি ও গুণগতমানের বিষয়গুলো বিবেচনায় রেখে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানো এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
