মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ১৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি চিকিৎসা মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। ২ নভেম্বর সোমবার উপজেলার সদর ইউনিয়নের ওয়াসু আনন্দবাজার এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে মোট ১৩০ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ১০ জন বাঙালি ছিলেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি এবং মেজর আলতাফ মাহমুদ রুবেলের দিকনির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. রাফিউর রহমান। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের চিকিৎসা কার্যক্রম আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদার করার পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *