ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রয়াত প্রধান ও সহকারী শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ধনমনি চাকমা এবং এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা।
সংবর্ধনা অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার গত পাঁচ বছরে অবসর নেওয়া ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রয়াত দুই শিক্ষকের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার মাধ্যমে যারা প্রজন্ম গঠনে ভূমিকা রেখেছেন, তাদের অবসরজীবন ও অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের অবদান কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও তাদের ভূমিকা রয়েছে। তাই অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মান জানানো একটি সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
