শিক্ষার্থীদের পাশে দাঁড়াল দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার

ব্রেকিং নিউজ মানবিক সহায়তা 🎓 শিক্ষা

 

ইমন ও চাঁদমনি: শিক্ষার পথ সুগম করতে এবং আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি থেকে প্রকাশিত দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার। পত্রিকাটির উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামের ৩১ জন শিক্ষার্থীকে নগদ ৪১ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৯ অক্টোবর এ সহায়তা প্রদান করা হয়। প্রাথমিকভাবে ৪১ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৫১ হাজার টাকা বিতরণের পরিকল্পনা নেওয়া হলেও পর্যাপ্ত অর্থের সংস্থান না হওয়ায় শেষ পর্যন্ত ৩১ জন শিক্ষার্থীকে ৪১ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব হয়।
বছরের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বেতন, পরীক্ষার ফি, ফরম পূরণসহ শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন খাতে বাড়তি অর্থের প্রয়োজন হয়। অনেক অসচ্ছল পরিবারের পক্ষে এসব ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। ফলে আর্থিক সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং তারা আরও মনোযোগের সঙ্গে লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে বিবেচনা থেকেই পত্রিকা পরিবারের পক্ষ থেকে এ ক্ষুদ্র মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সহযোগী সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, “আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমাদের এসব ক্ষুদ্র উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে উৎসাহিত করা। আমাদের কার্যক্রম দেখে সমাজের অন্যরাও যেন অসচ্ছল পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা বলেন, “আমরা অতীতেও অসচ্ছল পরিবারের জন্য ৩১টির অধিক বসতঘর নির্মাণ করে দিয়েছি। পাশাপাশি দরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে গরু-ছাগল, হাঁস-মুরগি, সেলাই মেশিন ও রিকশাভ্যান বিতরণ করেছি। অসংখ্য শিক্ষার্থীকে বিদ্যালয়ের মাসিক বেতন, পরীক্ষার ফি ও ফরম পূরণের জন্য নগদ অর্থ সহায়তার পাশাপাশি শিক্ষা উপকরণও প্রদান করেছি।
এসব মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড ব্যক্তিগত সুনাম অর্জন কিংবা কোনো পার্থিব বা পরকালীন প্রতিদানের প্রত্যাশায় নয়। আমাদের বিশ্বাস, একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে পাশে দাঁড়ানোও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের এসব উদ্যোগ দেখে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা আরও বেশি উৎসাহিত হবেন এবং অসহায় পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের এ উদ্যোগ কেবল আর্থিক সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার একটি প্রয়াস। পত্রিকা পরিবারের সদস্যদের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের দুঃখ-কষ্ট লাঘব হবে এবং অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে যাওয়ার ঝুঁকি কমবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, আলহাজ্ব আবুল হাসেম, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো. জুলহাস উদ্দিন এবং হাওলাপুরীর একনিষ্ঠ খাদেম মো. মহসিন শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *