দীঘিনালায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি দীঘিনালা 🎓 শিক্ষা

মো. সোহেল রানা: : খাগড়াছড়ির দীঘিনালায় কম আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টিসেবা নিশ্চিত এবং কর্মক্ষমতা বাড়াতে ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভমেন্ট লাইভলিহুডস (আরজিআইএল)’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর সোমবার সকালে দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে প্রকল্পটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড পারপাস, গ্রিন হিল ও ভিশনস্প্রিংয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা ও উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএম রিপন আলী সরকার এবং সঞ্চালনা করেন পিই টিটু দত্ত।
আয়োজকরা জানান, প্রকল্পটির মাধ্যমে মূলত নিম্নআয়ের ও প্রান্তিক মানুষের বয়সজনিত কাছের দৃষ্টির সমস্যা বা প্রেসবায়োপিয়া শনাক্ত করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী মূল্যে রিডিং গ্লাস সরবরাহ করা হবে। এর ফলে কর্মজীবী মানুষের কাজের সক্ষমতা ও জীবিকার সুযোগ বাড়াতে সহায়তা করবে প্রকল্পটি।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে চক্ষুসেবার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। ফলে বয়সজনিত দৃষ্টিজনিত সমস্যায় অনেক কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে সমস্যায় পড়েন। স্থানীয় পর্যায়ে স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যক্তিদের চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্থানীয় অংশীজনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, উদ্যোগটি দীঘিনালার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মক্ষমতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *