প্রতিনিধি :
১৭ এপ্রিল ২০২৬ রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ১৭ এপ্রিল শুক্রবার ভোরে জেলা সদরের কুদুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি ধর্মিশিং চাকমার বাসায় হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্যসোনা চাকমা আহত হন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। কুদুকছড়ি, ঘিলাছড়ি ও বেতছড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ও বাঁশ ফেলে সকাল ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়।
অবরোধ শেষে সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হত্যার প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, অভিযুক্ত হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাদের পক্ষ থেকে এ ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :