
প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত কমিটি সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য নিশ্চিত করে।
‘‘১৫ এপ্রিল বুধবার’’ দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে এসব স্থানে অবৈধভাবে পাহাড় কাটা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেনের নেতৃত্বে এ পরিদর্শন পরিচালিত হয়। এ সময় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন। এছাড়া কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির আহ্বায়ক জানান, পাহাড় কাটার ঘটনায় ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ‘‘৯ এপ্রিল’’ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় পাহাড় ও টিলা কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
আপনার মতামত লিখুন :