মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন /
মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সৃষ্টি হয় এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ।
‘‘১৪ এপ্রিল মঙ্গলবার’’ সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গণে পান্তা-ইলিশ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালি ঐতিহ্যের নানা রূপ তুলে ধরেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
শোভাযাত্রা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
নববর্ষ উপলক্ষে স্কুল পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে সহায়ক।
দিনব্যাপী এই আয়োজন মহালছড়ি উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।