
মো. সোহেল রানা : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন ক্ষতিগ্রস্ত অসংখ্য ব্যবসায়ী। ১৩ এপ্রিল সোমবার সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
সহায়তা প্রদান করেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :