মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ-বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা পেয়ে উপকৃত দুর্গম এলাকার মানুষ


admin প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ২:১০ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ-বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা পেয়ে উপকৃত দুর্গম এলাকার মানুষ

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
১৩ এপ্রিল সোমবার সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুলপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি।
কর্মসূচির আওতায় তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে আর্থিক অনুদান এবং এক কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ সহায়তা দেওয়া হয়।
একই সঙ্গে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
কুলপাড়া, বিরেন্দ্র কার্বারী পাড়া, থাইপোই পাড়া ও চাকমা কুলপাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম এলাকাগুলো থেকে সহস্রাধিক মানুষ এ সেবা গ্রহণ করেন। মূল সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরবর্তী হওয়া সত্ত্বেও কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপকারভোগীদের খোঁজখবর নেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।