প্রতিনিধি:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
১৮ এপ্রিল শনিবার সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আতিকুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে প্রধান চালিকাশক্তি। নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবক। তাদের স্বপ্ন ও সৃজনশীল চিন্তা একদিন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার এবং নতুন কিছু উদ্ভাবনের সাহস রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই একটি দেশের অগ্রগতির মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে নয়, প্রযুক্তি তৈরির দিকেও মনোযোগী হতে হবে।
এবারের বিজ্ঞান সপ্তাহে জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিটি উপজেলা থেকে ৬টি করে মোট ৫৪টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে, যেখানে প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তার সমন্বয় দেখা যাচ্ছে।
মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। কেউ স্মার্ট কৃষি ব্যবস্থা, কেউ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, আবার কেউ পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি নিয়ে কাজ করছে—যা বাস্তব জীবনের সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি উদ্ভাবনী বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :