প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরকীয়া সম্পর্কের মাধ্যমে বিয়ে করার পর যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী মো. নুর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন বিবি খাদিজা নামে এক নারী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত নুর হোসেন (৩৫) মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর গ্রামের বাসিন্দা ও কাঁচামাল ব্যবসায়ী মো. দুলাল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ভুক্তভোগী খাদিজা জানান, ২০০৮ সালে তার পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় সংসারের বাজার করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী নুর হোসেনের সঙ্গে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন পর ওই সম্পর্কের ভিত্তিতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন নুর হোসেন।
তিনি অভিযোগ করেন, বিয়ের আগে বিভিন্ন অজুহাতে নুর হোসেন তার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা নেন। বিয়ের পর যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
খাদিজা আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এতে তার পেট, পিঠ ও হাতের আঙুল পুড়ে যায়। পরে অভিযুক্ত তাকে চিকিৎসকের কাছে রেখে পালিয়ে যায়।
অভিযুক্তের বাবা মো. দুলাল মিয়া বলেন, তার ছেলে আগে বিয়ে করেছে এবং তার একটি সন্তান রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি তিনি জানতেন না বলে দাবি করেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
আপনার মতামত লিখুন :