দীঘিনালায় বাংলা নববর্ষ উদযাপন-বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর পরিবেশ


admin প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন /
দীঘিনালায় বাংলা নববর্ষ উদযাপন-বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর পরিবেশ

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বৈশাখী শোভাযাত্রা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘‘১৪ এপ্রিল মঙ্গলবার’’ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দীঘিনালা কলেজ গেইটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত পরিবেশনে অংশ নেন। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় সংগীত ও নৃত্যশিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।
পুরো আয়োজন ঘিরে দীঘিনালা উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংশ্লিষ্টরা জানান, বাংলা নববর্ষের এই আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।