
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর উন্নত সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিজেদের ইতিহাস ও পরিচয় সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা বজায় রাখা সবার দায়িত্ব। সঠিক জ্ঞান অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :