জসীম উদ্দিন জয়নাল: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব চারা বিতরণ করা হয়।
বিকেল ৪টার দিকে উপজেলার আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল মালেক, ১ নম্বর পৌর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে ২ হাজার এবং আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজারসহ মোট ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার আগ্রহ বাড়াবে। পাশাপাশি স্থানীয় পরিবেশ রক্ষায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা চারাগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যা করলে এ উদ্যোগ সফল হবে।
