মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ৮ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন আরেফ আহম্মেদের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করা হয়। এ সময় ছানি অপারেশনের জন্য কয়েকজন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, নির্বাচিত রোগীদের দীঘিনালা জোনের তত্ত্বাবধানে পরবর্তী সময়ে চট্টগ্রামে পাঠিয়ে সম্পূর্ণ বিনা খরচে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশন শেষে তাঁদের আবার নিজ এলাকায় ফিরিয়ে আনার ব্যবস্থাও থাকবে।
চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভ চক্রবর্তী, ডা. রেজাউল, অম্তু চক্রবর্তী এবং ক্যাম্প ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
