ছানোয়ার হোসেন :
খাগড়াছড়ির মহালছড়িতে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার শুরু হওয়া এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর সোমবার দুপুরে। মহালছড়ি টাউন হলে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে ৬৭ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দেসহ আরও তিনজন দায়িত্ব পালন করেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানে সহায়তার লক্ষ্যে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়। মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে এসব গবাদিপশু ও গৃহপালিত পাখি তুলে দেন।
আয়োজকদের মতে, প্রশিক্ষণের পাশাপাশি পশু-পাখি পালনের উপকরণ পেয়ে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে আয়বর্ধক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন। এর মাধ্যমে বেকারত্ব হ্রাস, পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন দীর্ঘদিন ধরে দুর্গম ও প্রান্তিক এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের এ উদ্যোগ স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
