মোবারক হোসেন :
প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দিনব্যাপী প্রাণিসম্পদবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে দুল্যাতলী আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকালে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এতে দুল্যাতলী ইউনিয়নের ১৫ জন প্রান্তিক খামারি অংশ নেন।
প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের ক্ষেত্রে সাধারণ রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে প্রয়োজনীয় পশু-পাখির ওষুধ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে, পশু-পাখির মৃত্যুহার কমবে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।
এ সময় দুল্যাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা উপস্থিত ছিলেন।
