প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ অক্টোবর সোমবার সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিস্ত্রিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার দায়ে মো. রানাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পাহাড় কাটা প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
