দীঘিনালায় SAM ইউনিটে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

খাগড়াছড়ি চিকিৎসা দীঘিনালা স্বাস্থ্য

প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে SAM ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে পরিচালিত ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ত্রিলোক চাকমা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মিথি চাকমা, ভান্ডাররক্ষক সোহেল চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারীর প্রতিনিধি মিহির কান্তি ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী ডেভিড ত্রিপুরা এবং প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. ত্রিলোক চাকমা বলেন, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ফলে SAM ইউনিটের সেবাদান কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এ সহায়তা ভূমিকা রাখবে।

তিনি হস্তান্তর করা সরঞ্জামের সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, নতুন চিকিৎসা উপকরণ যুক্ত হওয়ায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের SAM ইউনিটে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করার সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *