প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মাটিরাঙ্গা পৌরসভার চারটি দুর্গাপূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে মাটিরাঙ্গা জোন।
১২ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনাল স্টাফ অফিসার মেজর সামিউল হক; উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা ও তাসলিমা সিরাজ সীমা; উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দীন আহমেদ এবং মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক মো. নুর আলম, পার্বত্য নাগরিক পরিষদের জেলা সভাপতি মো. লোকমান হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জামাল হোসেন, কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজামণ্ডপের সভাপতি দেবাশীষ দত্ত আশীষ এবং ২০১ নম্বর ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
মতবিনিময় সভা শেষে মাটিরাঙ্গা পৌরসভার চারটি দুর্গাপূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।
