মাটিরাঙ্গায় কন্যাশিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা 🎓 শিক্ষা

জসীম উদ্দিন জয়নাল :

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজীব রায় চৌধুরী এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। বাল্যবিবাহের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে ছেলেদের মতো সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুবান্ধব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কন্যাশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *